কুড়িগ্রামের রাজারহাটে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর (সোমবার) সকালে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে আরও গতিশীল করতে সকলে সহযোগিতার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন জুলাই আন্দোলনে নিহত একমাত্র শহীদ রাজিবের মা–বাবা, নবনিযুক্ত রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা.গোলাম রসূল রাখি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভার দিনই রাজারহাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানটি ছিল আরও প্রাণবন্ত ও তাৎপর্যময়।