আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য বান্দরবান-৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মোট চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করা হয়।
এতে বিএনপির প্রার্থী সাচিং প্রু পেয়েছেন ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন হাতপাখা প্রতীক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন পেয়েছেন শাপলা কলি প্রতীক এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় লাঙ্গল প্রতীক।
বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব নির্বাচনী প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তাঁদের প্রতিনিধি ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বিধি মেনে নির্বাচন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।