মালয়েশিয়ার সেলাঙ্গরের ক্লাং বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক মেগা' অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জেআইএম। ১২ জুলাই রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে জেআইএম-এর পাশাপাশি অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় কোম্পানি কমিশন এবং জাতীয় নিবন্ধন বিভাগ অংশ নেয়।
অভিযানে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১,০০০-এর বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ বহু অভিবাসীকে আটক করা হয়েছে। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আটক ব্যক্তিদের দেশভিত্তিক সংখ্যা প্রকাশ করেনি।
অভিযান চলাকালে বিভিন্ন খাবারের দোকান, পোশাকের দোকান, মোবাইল আনুষঙ্গিক পণ্যের দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
একটি হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের আলামত এবং একটি পানের দোকানে ১ রিঙ্গিতের নোটের ভাঁজে লুকিয়ে রাখা সন্দেহভাজন 'শাবু' মাদক উদ্ধার করা হয়। এছাড়া কয়েকজন সন্দেহভাজন অবৈধ অভিবাসী অভিযান দেখে পালানোর চেষ্টা করেন।
আটক ব্যক্তিদের সেলাঙ্গর ইমিগ্রেশন কার্যালয়ে নিয়ে গিয়ে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।