নওগাঁ সদর উপজেলার নলখাগড়া বিলে খাস জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে নলখাগড়া বিল এলাকায় ‘স্থানীয় এলাকাবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ওই বিলের খাস জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা চাষাবাদ করে আসছেন। তবে সম্প্রতি প্রভাবশালীরা সেখানে পুকুর খননের উদ্যোগ নেওয়ায় কৃষকরা তাদের জমি হারানোর আশঙ্কায় রয়েছেন।
বক্তারা আরও জানান, খাস জমি কৃষকদের আয়ের অন্যতম উৎস। এখানে পুকুর খনন হলে এলাকার শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ এবং পুকুর খননের কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।