সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে বা ড্রেজার মেশিন আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী বেড়িবাঁধ ও স্থানীয় জনপদ মারাত্মক ভাঙন ঝুঁকির মুখে পড়ছে। এমন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে নদীর নির্দিষ্ট এলাকায় আকস্মিক এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেবল আকস্মিক বা রাতের অভিযান নয়, বরং বালু উত্তোলনের স্থায়ী পয়েন্ট ও ড্রেজারগুলোর বিরুদ্ধে নিয়মিত কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়া হলে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, নদী ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।