সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা: সাবিরা সুলতানা এমপি সফল মৎস্য চাষীদের উদ্দেশ্যে গুরুত্বারোপ করে বলেছেন, মা'মাছ সংরক্ষণের মাধ্যমে দেশি মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে হবে। মৎস্য সম্পদ অর্জনে স্বনির্ভরতা অর্জন করতে হবে।
প্রয়োজনে নিরাপদ 'অভয়াশ্রম' গড়ে তুলতে হবে। সমৃদ্ধি ঘটাতে হবে মৎস্য সম্পদের। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখতে হবে। তিনি মৎস্য চাষে ঝিকরগাছার মৎস্য চাষীদের অভাবনীয় সাফল্য অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন,নতুন করে কোন মৎস্যঘের,পুকুর- জলাশয় তৈরির দরকার নাই। বরং বিল,বাওড় উন্মুক্ত জলাশয় ও নদ-নদী গুলোকে মাছ চাষের উপযুক্ত করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে বলে তার সরকারের সদিচ্ছার কথা জানান তিনি।
তিনি (১৬আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত 'মৎস্য পক্ষ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, আমি চাই, মৎস্য সম্পদ উন্নয়নের মাধ্যমে দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবেন মাছে-ভাতে, সুখে শান্তিতে।
উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সফল মৎস্য চাষী আলহাজ্ব মিজানুর রহমান, মো: আনিস উর রহমান প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি উপজেলা মোড় যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে। এ পর্যায়ে উপজেলা পরিষদ পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩জন সফল মৎস্য চাষীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।