খুলনার পাইকগাছায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘মেধা লালন ট্রাস্ট’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সম্মাননা জানানো হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গদাইপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক বাবর আলী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। নতুন বাজার হিল ফুল ফুযুল যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্বাগত বক্তব্য দেন ‘মেধা লালন ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান ও সহকারী শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষিকা সুস্মিতা সোস, সুষমা রানী মন্ডল এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অনিন্দিতা রায় চৌধুরী।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের দিকেও গুরুত্ব দিতে হবে।
সংবর্ধনা শেষে গদাইপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতির পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতেই গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫