নীলফামারীর জলঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জলঢাকা মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।
জলঢাকা থানা আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থা, জলঢাকার সহযোগিতায় এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পুরুষদের চারটি ও নারীদের দুটি দলসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সল চৌধুরী কমেট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারি অধ্যক্ষ সাদের হোসেন, মোহাইমিনুল রহমান ছানা, রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসি নাজমুল আলম বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও কালের পরিক্রমায় খেলাটি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কাবাডিকে আবারও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায় থেকে বাছাই করা খেলোয়াড়রা পর্যায়ক্রমে জেলা, বিভাগ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন। এর মাধ্যমে দক্ষ ও সম্ভাবনাময় কাবাডি খেলোয়াড় খুঁজে বের করা হবে।
জলঢাকা থেকেও জাতীয় পর্যায়ে খেলার মতো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, অতিথি ও দর্শনার্থীদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং হারিয়ে যেতে বসা জাতীয় খেলা কাবাডি নতুন করে জনপ্রিয়তা ফিরে পাবে।