
নওগাঁর সাপাহারে আমের মৌসুম এলেই তীব্র যানজট এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এবং সাধারণ পথচারীরা চলাচলের সময় চরম ভোগান্তির শিকার হন। যানজট নিরসনে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাপাহার উপজেলা প্রশাসন এবার নিয়েছে কঠোর পদক্ষেপ।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ জানিয়েছেন, আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে সাপাহার বাজার ও এর আশেপাশের এলাকায় যানজট কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাজারের জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ পথ চিহ্নিত করে উভয় পাশে ১০ ফুট জায়গা ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইকিং ও জনসচেতনতামূলক প্রচারের মাধ্যমে ব্যবসায়ী ও স্থানীয়দের আগামী শুক্রবারের মধ্যে প্রধান সড়কের পাশে ১০ ফুটের মধ্যে থাকা সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইউএনও।
উল্লেখ্য, আমের মৌসুমে রাস্তাগুলোর পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনাগুলোর কারণে যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এ কারণে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশাবাদী, এবার আমের মৌসুমে আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সরকারি জায়গায় অনুমতি ছাড়া যেকোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।