
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের অংশ হিসেবে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে নওগাঁ পৌর মৎস্য বাজার চত্বরে এ সভার আয়োজন করে নওগাঁ পৌর ১১ বাজার সমিতি।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন মো. মকসেদ আলী মন্ডল, সভাপতি, নওগাঁ কাঁচা বাজার সমবায় সমিতি লিমিটেড এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নওগাঁ সদর উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. কে. এম. ইকবাল, সরকার সাইফুল ইসলাম সাজুসহ নওগাঁ কাঁচা বাজার সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।