
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁ জেলার মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (ঈদের তৃতীয় দিন) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামে একটি স্থানীয় বাংলা চাতালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ সুমন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাজ্জাদুর রহমান বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর শাখার সহকারী সেক্রেটারি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (৪৮) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. মাহফুজুর রহমান।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, “জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এ ঈদে অনেক পরিবার তাদের প্রিয়জন ছাড়া ঈদ পালন করছে, যা অত্যন্ত বেদনাদায়ক। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের উচিত এই চেতনাকে লালন করা।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে দিতে ইসলামী আন্দোলন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সারোয়ার হোসেন, সাবেক সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, উপজেলা শিবিরের সাবেক সভাপতি নূর ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধের বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।