বাইশারী–ঈদগাহ সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি: চাপে সাধারণ যাত্রী, বাড়ছে ভোগান্তি
- Update Time : ০৭:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১০১ Time View

বাইশারী থেকে ঈদগাহ সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও অসন্তোষ। আগে যেখানে এই রোডে সিএনজি ভাড়া ছিল ৭০ টাকা, বর্তমানে তা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে চালক সমিতি। তবে যাত্রীদের অভিযোগ, কিছু অসাধু চালক সুযোগ নিয়ে ১০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
সিএনজি চালক সমিতির সদস্য হামিদুল রহমান জানান, “গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য খরচের কারণে ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কেউ যদি এর বেশি নেয়, তা অনিয়ম এবং আমাদের নীতিমালার পরিপন্থী।”
অন্যদিকে, টমটম চালক সমবায় সমিতির সভাপতি আলী মোহাম্মদ মিনহাজ তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টমটমে ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর বেশি নিলে অভিযোগ করার আহ্বান জানান তিনি।
সরকারি নীতিমালা অনুযায়ী প্রায় ১৬ কিলোমিটার দূরত্বের এই রোডে ভাড়া একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
ফলে প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। দ্রুত এ সমস্যার সমাধান এবং ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















