সৌদি আরবের অনুসরণে পত্নীতলায় আগাম ঈদুল আজহা উদযাপন
- Update Time : ০৬:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / ৩০২ Time View

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কলনিপাড়া এলাকায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।
জামাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। কেউ এসেছেন ভ্যানে, কেউ সাইকেলে, আবার কেউ মোটরসাইকেলে চড়ে। পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলা থেকেও বহু মানুষ এসে এই জামাতে অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্যভাবে, নারী মুসল্লিদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো, যা স্থানীয় সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ধর্মীয় ঐক্যের ইতিবাচক বার্তা বহন করে। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ধর্মীয় নিয়ম মেনে পশু কোরবানি সম্পন্ন করা হয়।
স্থানীয় ঈদ আয়োজক কমিটির সভাপতি জানান, বিগত ১০ বছর ধরে তারা সৌদি আরবের চাঁদ দেখা ও ঈদের নির্ঘণ্ট অনুযায়ী ঈদ উদযাপন করে আসছেন। তিনি বলেন, “আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই ঈদ পালন করি। এতে আমাদের ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে।”
পত্নীতলার স্থানীয় বাসিন্দারাও জানান, সৌদি রীতিতে ঈদ পালন তাদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি এবং পারস্পরিক বন্ধনের অনুভব সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখা যাবে।

























