অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বার্তা মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৩ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম (ইউএনও)। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় থানা পুলিশ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয় বলে মত প্রকাশ করা হয়।
সভায় সাইফুল ইসলাম (ইউএনও) বলেন, উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কোনো ধরনের অপরাধ, অনিয়ম কিংবা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। মাদক, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় শুধু প্রশাসনের একার পক্ষে সবকিছু সম্ভব নয়—এক্ষেত্রে জনপ্রতিনিধি, সুধীসমাজ ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
শেষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিত অভিযান জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

















