গাজীপুরে বাসায় লুটপাট ও হামলার অভিযোগ, নারী গুরুতর আহত
- Update Time : ১২:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৪১ Time View

গাজীপুর সদর থানাধীন লক্ষ্মীপুর এলাকায় একটি বাসায় লুটপাটের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একদল সন্ত্রাসী লুটপাটের উদ্দেশ্যে জোরপূর্বক বাসায় প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। হামলার একপর্যায়ে পরিবারের ওই নারী সদস্যকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
পরিবার ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, হামলাকারীদের মধ্যে ইকবাল, ইফতি, ইমন ও মিনা নামে কয়েকজন ছিলেন। তারা লুটপাটের উদ্দেশ্যে বাসায় এসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ঘটনার পর থেকে লক্ষ্মীপুর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাসায় ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




















