পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন
- Update Time : ০৭:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৩৭ Time View

খুলনার পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পের আয়োজন করে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল।
ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপির আহ্বায়ক এম আজাদ হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সহসম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার এবং বিএনপি নেতা আব্দুল মজিদ গাজী প্রমুখ।
আয়োজকেরা জানান, ক্যাম্পে, কপালমুনি, হরিঢালী, পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলা থেকে আসা নারী-পুরুষ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল মোট ৩৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে রোগীদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অস্ত্রোপচারের জন্য ৭৫ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পাশাপাশি রোগীদের মধ্যে বিনা মূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
বাছাই করা রোগীদের বিনা মূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় সাতক্ষীরায় নেওয়া হবে বলে আয়োজকেরা জানান।
প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫











