ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১৯ Time View

যশোরের ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ঝিকরগাছা বিএম হাইস্কুলে পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের জন্য আলাদাভাবে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে গুগল ফরমে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা শেষে পৃথকভাবে মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে সুপারভাইজার পদে ১৫০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৯৯৩ জন আবেদন করেন।
নিয়োগ পরীক্ষা চলাকালীন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, সদস্য সচিব উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, আইসিটি অফিসার মোঃ ওহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা নিয়োগ পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
জানাগেছে, ঝিকরগাছা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ১৩ জন সুপারভাইজার ও ১৪০ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হবে। এসব কর্মী নির্বাচনের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও ফ্যামিলি কার্ড তৈরির কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আগে সোমবার (২৭ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
সভায় ফ্যামিলি কার্ড তৈরির ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।



















