মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- Update Time : ০৬:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৬১ Time View

মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাগুরা সদর থানার একটি দল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীন আলম (৪৬) ও **সাথী খাতুন (৩৬)**সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির টাকা হিসেবে ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মাদক ও অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




















