বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
- Update Time : ১০:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১২৭ Time View

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
সারা দেশের ন্যায় বাগেরহাট জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনীর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।
দিবসের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
এরপর পর্যায়ক্রমে বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করে। জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম ও শাহেদ আলী রবিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। পরে যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের ঢল নামে।
এরপর সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় তিনি বাগেরহাটবাসীর উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।




















