ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি ডিবি পুলিশের হাতে গ্রেফতার
- Update Time : ০৫:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১২২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ আনোয়ার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রাত ০১:৪০ মিনিটে কাশিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আনোয়ারের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আনোয়ার একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


















