আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৪:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৮২ Time View

১৩ জানুয়ারি, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কোনো স্বীকৃত সনদ ছাড়াই ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখার অপরাধে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, তন্তর বাজারের ‘নয়ন ফার্মেসি’র মালিক কোনো প্রকার এমবিবিএস বা এমনকি পল্লী চিকিৎসকের সনদ ছাড়াই নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে আসছিলেন। তিনি নিয়মিত সিরিয়াল দিয়ে রোগী দেখতেন এবং প্রতি রোগীর কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট নিতেন। অধিকতর তদন্তে দেখা যায়, তিনি রোগীদের প্রেসক্রিপশনে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধও লিখে দিচ্ছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। মিথ্যা টাইটেল ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় জেলা জুড়ে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তি নেমে এসেছে।




















