বাগেরহাটের রামপালে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৯৩ Time View

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউই বৈষম্যের শিকার হবেন না। রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা সবাই সমানভাবে ভোগ করবেন।
তিনি বলেন, বিএনপি সবসময় নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। আমরা বিগত ২০ বছর ধরে এই এলাকার মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবের পর কয়েকদিন দেশে সরকার না থাকলেও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এই এলাকায় আপনারা নিরাপদে বসবাস করবেন—এটাই আমাদের অঙ্গীকার। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে মোংলা বন্দর আধুনিকায়ন, ইপিজেড চালু ও নতুন কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। এজন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান।
হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, যুবদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় হুড়কা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।




















