রামপালের উজলকুড় ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২ Time View

বাগেরহাট-৩(রামপাল মোংলা) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, তিনি ২০০৯ সাল থেকে নিয়মিত চক্ষু শিবির করে আসছেন। এসব ক্যাম্পে করলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে আমি একটা বেনিফিট পাই কিন্তু সেটা ফি না।
বিএনপি কাজ করছে জনগণের সরকার গড়তে । গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরাতে ধানের শীষের বিজয় জরুরি। বিএনপির গণজোয়ার দেখে একটি চক্র ষড়যন্ত্র করছে। সবাই সতর্ক থাকুন, চোখ-কান খোলা রাখুন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় তিনি এ সব কথা বলেন। উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও মিলন আকুঞ্জির অনুষ্ঠান সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক এমপি মো. মুজিবর রহমান, সাবেক এআইজি মো. ওমর ফারুক।
জনসভায় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের সুন্দরবনের সম্পদের সুষ্ঠু ব্যাবহার, কর্মসংস্থান সৃষ্টি, মোংলা বন্দর ইপিজেডে আরো কর্মসংস্থান বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, তরুণ প্রজন্মের হাতকে শক্তিশালী করে তাদের হাতকে জনসম্পদে রূপান্তরিত করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া সবাই যাতে নিরাপদে বসবাস করতে পারে সেটি নিয়ে আমরা কাজ করবো।
তিনি বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। মানুষ ভোট দেওয়ার অধিকার পাচ্ছে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বলেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।
জনসভায় অন্য বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে বের হতে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। ধানের শীষ জিতলেই গণতন্ত্র ও মানুষের অধিকার আবার ফিরবে।




















