সবার সহযোগিতা পেলে আমিরাবাদ ইউনিয়নের সেবক হতে চান সালাহ উদ্দিন
- Update Time : ০৪:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ৩৬ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সালাহ উদ্দিন। এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এবং সবার সহযোগিতা নিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ ইউনিয়নের জনগণের প্রকৃত ‘সেবক’ হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকা সালাহ উদ্দিন জানান, পদের লোভ বা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং অবহেলিত মানুষের অধিকার আদায় এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যেই তিনি জনপ্রতিনিধি হতে চান। তিনি মনে করেন, সঠিক ও সৎ নেতৃত্বের অভাবে আমিরাবাদের সাধারণ মানুষ নানাবিধ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এক সাক্ষাৎকারে সালাহ উদ্দিন বলেন, আমিরাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধের হাত থেকে রক্ষা করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা আমার অন্যতম লক্ষ্য। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ যদি আমাকে একটু সুযোগ ও সহযোগিতা দেন, তবে আমি এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, স্মার্ট ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে রূপান্তর করব।
ইতিমধ্যেই সালাহ উদ্দিনের এই সমাজসেবামূলক ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমিরাবাদ ইউনিয়নের সুশীল সমাজ, ব্যবসায়ী, যুবসমাজ এবং সাধারণ ভোটাররা। স্থানীয়দের মতে, এলাকার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সালাহ উদ্দিনের অতীত ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। একজন সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব হিসেবে তিনি আমিরাবাদবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।
নির্বাচনকে সামনে রেখে সালাহ উদ্দিন ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি আমিরাবাদ ইউনিয়নের সামগ্রিক চিত্র বদলে দিতে এলাকার আপামর জনসাধারণের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।











