নবীনগরে টায়ার গলিয়ে তেল তৈরির অবৈধ কারখানা:চারপাশের পরিবেশ দূষণ
- Update Time : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৮৬ Time View

নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় গড়ে উঠেছে টায়ার গলিয়ে জ্বালানি তেল তৈরির একটি অবৈধ কারখানা। সোহেল ও সেলিম নামে দুই ব্যক্তির প্রতিষ্ঠিত এই কারখানার কালো ধোঁয়া ও বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফসলি জমির কাছাকাছি এই কারখানায় দিন-রাত পুরোনো টায়ার পুড়িয়ে এক ধরণের জ্বালানি তেল তৈরি করা হচ্ছে। এই তেল পরবর্তীতে বিভিন্ন জ্বালানি কাজে ব্যবহার করা হয়। তবে পাইরোলাইসিস প্রক্রিয়ায় এই তেল উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের যে ধরণের কঠোর বিধিনিষেধ বা ছাড়পত্র থাকা দরকার, এই কারখানার ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি সরেজমিনে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই কারখানায় গিয়ে পরিবেশ দূষণ ও বৈধতার বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার সদুত্তর দিতে পারেননি। পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি বা ছাড়পত্র আছে কি-না—এমন প্রশ্নের জবাবে ম্যানেজার বলেন, “আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না। আপনারা মালিকপক্ষের সাথে কথা বলেন।”
পরবর্তীতে সাংবাদিকরা কারখানার দুই মালিক সোহেল ও সেলিমের বক্তব্য নেওয়ার জন্য তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে পরিবেশ ছাড়পত্রের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে ভুক্তভোগীদের বক্তব্য চাইলে কেউই বক্তব্য দিতে রাজি হয়নি। সাংবাদিকদের ধারনা ভুক্তভোগীরা ভয়ে সেলিম ও সোহেলের বিরুদ্ধে মুখ খুলেননি।
কারখানাটির কারণে তীব্র গন্ধ ও ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। কারখানার গাঁ ঘেষে বয়ে যাওয়া পাগলা নদীর পানি দূষণ,ফসলের ও পরিবেশের মারাত্মক ক্ষতি রোধে সাংবাদিকরা দ্রুত পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।




















