দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
- Update Time : ০৮:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২০ Time View

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দরিদ্র ও বৃদ্ধ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সিন্দুকছড়ি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিফ ইউসুফ নজীব (এএমসি)-এর নেতৃত্বে চিকিৎসক দল দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এদিনের ক্যাম্পে ২৯৫ জন পাহাড়ি এবং ১১৫ জন বাঙালিসহ মোট ৪১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। এ ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে দরিদ্র ও বয়স্ক মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
মেডিকেল ক্যাম্প শেষে সেবা গ্রহণকারী রোগী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের মানুষ সিন্দুকছড়ি জোনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থেকে আস্থা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিন্দুকছড়ি জোন এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখবে।



















