জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্সের আলোচনা সভা
- Update Time : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৭৮ Time View

কুয়ালালামপুর, ২ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসীদের অবদান স্মরণ ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্স, মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে কুয়ালালামপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাসার। প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। এছাড়া বক্তব্য রাখেন এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের সদস্য সচিব আলম রওশনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মালয়েশিয়া জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও প্রবাসী অধিকার পরিষদের নেতারা সংহতি প্রকাশ করেন। জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আবদুল আহাদ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ কলিং ভিসা ব্যবস্থা চালুর জন্য বাংলাদেশ সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এছাড়া নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং প্রতিরোধ এবং বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন ও হয়রানি বন্ধ করে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী বক্তব্যে এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্স, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




















