শ্যামনাগরে প্রশাসনের নজরদারি উপেক্ষা করে বালু উত্তোলন: এসিল্যান্ডের অভিযানে ১ জনকে আটক ও জরিমানা
- Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২১১ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রুখতে আবারো কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে একটি বালুভর্তি বোট জব্দসহ একজনকে আটক করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার খোলপেটুয়া নদীর একটি পয়েন্টে অবৈধভাবে বালু ড্রেজিং করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে বালু উত্তোলনরত অবস্থায় মো: সালমান হোসেন লিওন (২০) নামের এক যুবককে আটক করা হয়। পরে আটককৃত যুবককে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে শাস্তির আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় পরিবেশকর্মীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খোলপেটুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু তুলে আসছিল। এতে নদীর তীরবর্তী বেড়িবাঁধ ও ফসলি জমি মারাত্মক ভাঙন ঝুঁকিতে পড়েছে। এই ধরনের নিয়মিত অভিযান ভাঙনপ্রবণ শ্যামনগর উপকূলকে রক্ষায় বড় ভূমিকা রাখবে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হুসাইন জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি স্থানীয় পরিবেশ ও নদীর নাব্যতা হুমকির মুখে পড়ছে। উপজেলার কোথাও কোনো অবৈধ বালু মহাল বা মাটি কাটার সিন্ডিকেট বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় আগামীতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

























