সাতক্ষীরায় চোখের জলে ভিটেছাড়া বৃদ্ধা, মানছে না আদালতের আদেশও
- Update Time : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯০ Time View

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় ১০ দশমিক ৫৮ শতক জমি জোরপূর্বক দখল নিতে বেড়ার প্রাচীর দিয়ে চলাচলের পথ বন্ধ এমনকি জীবন নাশের হুমকি-ধমকিতে থানায় জিডি করেও রেহাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ একাধিক উচ্চ মহলে লিখিত অভিযোগ দিয়ে বিচার প্রার্থনা করেছেন জমির মালিক মোছাঃ মেহেরুন নেছা (৬১) নামে এক বৃদ্ধা নারী।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজারবাগান মৌজার সাবেক খতিয়ান নং-৭৪০, হাল খতিয়ান নং-৫৯৮৭ এবং দাগ নং-২১১ ও ২১২-এর মোট ১০ দশমিক ৫৮ শতক জমি তিনি ক্রয় ও পৈতৃক সূত্রে মালিক হওয়ার সুবাদে আপডেট কাগজপত্র নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। তবে জমিটি বেশ মূল্যবান হওয়ায় ৫ আগস্টের পর স্থানীয় মৃত মোদাচ্ছেরের ছেলে রেজা হোসেন (৫০) ও সিরাজ হোসেন (৪৫) এবং ওবেদ আলীর ছেলে আব্দুল হামিদ (৬৫) দখল নিতে সকল ধরনের পাঁয়তারা চালাচ্ছে। গত ২৯ আগস্ট ২০২৬ সকাল আনু: ৮টার দিকে উল্লেখিত ব্যক্তিরা জমিতে বিনা অনুমতিতে প্রবেশ করে ঘেরাবেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি বাধা দিলে হাত-পা ভেঙে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলেও ভয় দেখানো হয়। তাছাড়াও জমি নিয়ে বিরোধের বিষয়ে এরই মধ্যে সাতক্ষীরা বিজ্ঞ এডিএম আদালতে ১৬৭৩/ক্রিঃ নং স্মারকে একটি মামলা চলমান রয়েছে যার নম্বর পি-৯১৬/২৬, ধারা ১৪৫ ফৌঃ কাঃ। তার পরেও বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে জীবন নাশের হুমকি দিচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করলেও কোন সমাধান পাননি বলে অভিযোগ ভুক্তভোগীর এবং বর্তমানে বিবাদীদের কথিত হুমকির কারণে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।
স্থানীয়রা জানান, বিষয়টি দ্রুত সমাধান না হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি কিংবা গুরুতর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। দ্রুত এ বিষয়ে আইনগত সুব্যবস্থা নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রশাসন এমনটা প্রত্যাশা সকলের।






















