শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
- Update Time : ০৭:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ Time View

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি ব্রীজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চৌদ্দরশি ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় একটি বোট আটক করা হয়। একই সাথে বালু উত্তোলনের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তি মোকতাজুল গাজীকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসেন। তিনি আটককৃত ব্যক্তি মোকতাজুল গাজীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

























