খাগড়াছড়ির গুইমারাতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- Update Time : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৫২ Time View

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার সংলগ্ন বড়তলা চিতাখোলা এলাকা থেকে আনুমানিক (৩৮) বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা বড়তলা চিতাখোলা এলাকার এক গাছে লাশটি ঝুলতে দেখে গুইমারা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও গুইমারা জোনের সেনাবাহিনীর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান, কারবারি (পল্লী প্রধান) ও স্থানীয় লোকজনের সাথে কথা বললেও তাৎক্ষণিকভাবে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, সংবাদ পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




















