বালুমহাল নিয়ে অপপ্রচারের অভিযোগ, সংবাদমাধ্যমকে তথ্য যাচাইয়ের আহ্বান
- Update Time : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২৫০ Time View

সাতক্ষীরার শ্যামনগরে বালুমহালকে কেন্দ্র করে নিজের নাম জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহ।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বালুমহালটি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলের এক চিহ্নিত দোসরের অবৈধ দখলে ছিল। সম্প্রতি ওই দখলদারিত্বের অবসান ঘটায় একটি স্বার্থান্বেষী মহলের অবৈধ স্বার্থে আঘাত লেগেছে। এরই জেরে ক্ষুব্ধ ওই চক্রটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
প্রতিবাদলিপিতে জিএম হাবিবুল্লাহ আরও অভিযোগ করেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো ধরনের তথ্য-প্রমাণ কিংবা তাঁর বক্তব্য গ্রহণ না করেই বিভিন্ন সংবাদ প্রকাশ করা হচ্ছে। এসব সংবাদকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
তিনি প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সম্মানিত সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান, কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সংবাদ প্রকাশের আগে ঘটনার প্রকৃত তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া উচিত।
জিএম হাবিবুল্লাহর দাবি, বালুমহালকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের প্ররোচনায় নয়, বরং ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান, তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হোক। এতে প্রকৃত ঘটনা জনসম্মুখে উঠে আসবে এবং সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন থাকবে।


















