শ্যামনগরে বালু সিন্ডিকেট ও মব সৃষ্টির ঘটনার প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- Update Time : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৫২ Time View

সম্প্রতি শ্যামনগরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদকেন্দ্রিক অবৈধ বালু উত্তোলন নিয়ে সাংবাদিকের ওপর হামলা, মব সৃষ্টি এবং পুলিশে সোপর্দের ঘটনায় দৈনিক সাতক্ষীরা তথ্যসহ কয়েকটি স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদে আমার ছবি ও নাম জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও বানোয়াট। আমি প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, উল্লিখিত ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে আমার কোনো প্রত্যক্ষ জ্ঞান বা সম্পৃক্ততা নেই। অথচ কোনো ধরনের যাচাই-বাছাই কিংবা আমার বক্তব্য গ্রহণ না করেই সংবাদে আমার নাম জড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
আমি আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে সর্বদা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। কোনো অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট, মব সৃষ্টি কিংবা সাংবাদিকের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
আমি মনে করি, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তাই সংবাদ প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় আমি গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করে বিভ্রান্তিকর তথ্য সংশোধন এবং আমার বক্তব্য যথাযথভাবে প্রকাশের আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে আমি এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে কেউ যেন যাচাই-বাছাই ছাড়া আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়, এমন সংবাদ প্রকাশ না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
গাজী আল আমিন
আহ্বায়ক, আটুলিয়া ইউনিয়ন যুবদল
শ্যামনগর, সাতক্ষীরা।


















