শ্যামনগরে বালু সিন্ডিকেট ও মব সৃষ্টির ঘটনায় প্রকাশিত সংবাদে আমার নাম জড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ
- Update Time : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৫৪ Time View

সম্প্রতি শ্যামনগরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদকে ঘিরে অবৈধ বালু উত্তোলন, সাংবাদিকের ওপর হামলা, মব সৃষ্টি এবং পুলিশে সোপর্দ করার ঘটনা নিয়ে দৈনিক সাতক্ষীরা তথ্যসহ কয়েকটি স্থানীয় পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে আমার ছবি ও নাম জড়িয়ে যেসব কথা লেখা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি পরিষ্কারভাবে বলতে চাই, ওই ঘটনা কখন, কোথায়, কীভাবে ঘটেছে, সে ব্যাপারে আমি কিছুই জানি না। ওই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততাও নেই। অথচ আমার সঙ্গে কোনো কথা না বলে, আমার বক্তব্য না নিয়ে এবং ঘটনার সত্যতা যাচাই না করেই সংবাদে আমার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়।
আমি মোঃ মুকুল হোসেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার একটা সামাজিক ও রাজনৈতিক পরিচয় রয়েছে। তাই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা যাচাই না করে আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক।
আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনো বালু উত্তোলনকারী সিন্ডিকেট, মব সৃষ্টি কিংবা সাংবাদিকের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এসব অন্যায় কর্মকাণ্ডকে সমর্থনও করি না।
সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। আমি সাংবাদিকদের সম্মান করি। তবে সংবাদ প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাই করা এবং যাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে, তাঁর বক্তব্য নেওয়াও জরুরি। আমার বক্তব্য না নিয়ে এভাবে নাম ও ছবি প্রকাশ করায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছি।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করুন। কোথাও ভুল তথ্য থাকলে তা সংশোধন করুন এবং আমার প্রকৃত বক্তব্য প্রকাশ করুন।
আমি কারও বিরুদ্ধে অযথা অভিযোগ করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, যাচাই-বাছাই ছাড়া কারও নাম ও ছবি ব্যবহার করে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করা উচিত নয়। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।
আমি আবারও বলছি, উল্লিখিত ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ মুকুল হোসেন
আহ্বায়ক সদস্য
শ্যামনগর উপজেলা যুবদল
শ্যামনগর, সাতক্ষীরা।


















