ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা
- Update Time : ০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ২৮৯ Time View

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া কনশেনস নামের জাহাজটি মাঝসমুদ্রে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় জাহাজে থাকা বাংলাদেশি খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে আটক করে নিয়ে যায় তারা।
বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,
“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে শুনুন—আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এরা সেই দেশের বাহিনী, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, শহিদুল আলম দীর্ঘদিন ধরে মানবাধিকার ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার। গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে ‘গ্লোবাল ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে তিনি কনশেনস নামের জাহাজে যোগ দিয়েছিলেন।ৌ

























