বিরল রোগে আক্রান্ত মোকাররমের পাশে দাঁড়িয়েছে রশিদ মন্ডল ফাউন্ডেশন
- Update Time : ০৯:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১৮৪ Time View

একমুঠো রৌদ্দুর আর একচিলতে হাসি,মানব সেবার চেয়ে বড় আছে কি! মানবেতর জীবনযাপন করা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর বেগুনি পাড়া গ্রামের ২৫ বছর বয়সী মোকাররম দীর্ঘ ১২ বছর ধরে অজানা এক বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আর্থিক সংকটে পড়ে পরিবারটি তার চিকিৎসা চালিয়ে যেতে ব্যর্থ হওয়ায় দিন দিন তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।
অসচ্ছল পরিবারের সন্তান মোকাররম ঢাকায় কিছুদিন সীমিত পরিসরে চিকিৎসা নিলেও উন্নতি হয়নি তার শারীরিক অবস্থায়। পরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিবার ও এলাকাবাসী তার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
এমন দুঃসময়ে মানবিক সহায়তা নিয়ে মোকাররমের পাশে দাঁড়িয়েছে “রশিদ মন্ডল ফাউন্ডেশন”। দুই ধাপে তাকে উপহার ও সহায়তা প্রদান করেছে এই ফাউন্ডেশনটি। প্রথম ধাপে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ। এরপর দ্বিতীয় ধাপে, ১৫ মে বৃহস্পতিবার, মোকাররমকে এক মাসের খাদ্যসামগ্রী ও আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে একটি ছাগল উপহার দেওয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ডা. ইমরান সরকার, সদস্য মো. ফারুক মিয়া, প্রলয় পত্রিকার সাংবাদিক আবু হাসান আনছারী ও বাণিজ্য প্রতিদিন পত্রিকার সাংবাদিক আতিকুর রহমান।
স্থানীয়রা “রশিদ মন্ডল ফাউন্ডেশন”-এর এই মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করে বলেন, এটি নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদ্যোগ। তবে তারা মনে করেন, শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, মোকাররমের চিকিৎসা নিশ্চিত করা সরকারেরও দায়িত্ব।
বর্তমানে মোকাররমের জীবন বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসা। সময়মতো চিকিৎসা না পেলে তার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই তারা সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন দাতা সংস্থার কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন।

























