মহাদেবপুরে কৃষক দল নেতা ফজলে হুদার পরিবেশবান্ধব কর্মসূচি: মাছের পোনা অবমুক্ত ও তাল গাছ রোপণ
- Update Time : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ডাকবাংলা সংলগ্ন আত্রাই নদীতে প্রায় ১০৮ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত এবং তাল গাছ রোপণ করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজুর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, চাঁন্দাশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাসার, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফজলে হুদা বাবুল জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি প্রতি বছর সামাজিক সচেতনতামূলক কর্মসূচি হাতে নেন। এবারের আয়োজন ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ ও তাল গাছ রোপণ। তিনি আরও জানান, মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় এক লাখ তাল গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
আত্রাই নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্থানীয় জনগণ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

























