উমরার সুযোগ পেয়েও যেতে পারলেন না কুরআন প্রতিযোগিতার প্রথম বিজয়ী ফাহিম আশরাফ
- Update Time : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৭৯ Time View

উমরা করবেন তাঁর বাবা ও প্রতিনিধিরা ফাহিমের পক্ষ থেকে
অপ্রত্যাশিত এক মৃত্যুর ঘটনায় স্তব্ধ কুরআন প্রতিযোগিতার আয়োজন। কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উমরা যাওয়ার সুযোগ পেয়েছিলেন অনার্স পড়ুয়া ফাহিম আশরাফ। কিন্তু আকস্মিক মৃত্যুতে তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না।
তবে ফাহিম আশরাফের প্রাপ্ত পুরস্কারের অর্থে এবার উমরা করবেন তাঁর বাবা, পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি ফাহিমের পক্ষ থেকে “বদলি উমরা” সম্পন্ন করবেন।
এই অপ্রত্যাশিত মৃত্যু কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের হলরুমে গভীর শোকের ছায়া ফেলেছিল। তারপরও এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি, যেখানে উপস্থিত থেকে অন্যান্য বিজয়ীরা অনুপ্রেরণার বার্তা ছড়ান।
এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে ১৫ লক্ষ টাকার পুরস্কার সংবলিত কুরআন পাঠ ও প্রতিযোগিতা কর্মসূচির।
চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারী ৩ জন পাচ্ছেন উমরায় যাওয়ার সুযোগ। দ্বিতীয় স্থান অর্জনকারী ৩ জনের প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা সমমূল্যের পারিবারিক লাইব্রেরি, তৃতীয় স্থান অর্জনকারী ৬ জন পেয়েছেন ৬টি ট্যাব, আর চতুর্থ স্থান অর্জনকারী ১০৫ জন পেয়েছেন ১ হাজার টাকা সমমূল্যের রকমারি গিফট ভাউচার।
উল্লেখযোগ্য বিষয় হলো, দ্বিতীয় স্থান অর্জনকারী তিনজনই নারী এবং প্রথম স্থান অর্জনকারীদের মধ্যেও একজন নারী। এটি প্রমাণ করে— দীনি চেতনা ও জ্ঞানচর্চায় নারীরা আজ পুরুষদের সমান অবস্থানে রয়েছেন।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি খেটে খাওয়া সাধারণ মানুষও।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বছরজুড়ে কুরআনের প্রতি ভালোবাসা ও চর্চাকে উৎসাহিত করা। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া পেয়ে তারা নিজেদের প্রচেষ্টা সফল বলে মনে করছেন।




















