নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে এক বৃদ্ধ নিহত
- Update Time : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১৪৬ Time View

নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে জহিরুল ইসলাম খোকন (৫৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার বিকেলে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ায়। নিহত খোকন খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ার মৃত জান বক্সের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যারাতে জহিরুল ইসলাম খোকন অটোচার্জার যোগে আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে এসে নিজ বাড়ীর নিকটে অটোচার্জারটি রেখে চালকসহ মালপত্র নিয়ে তার বাড়িতে যান। এ সময় রাস্তার পাশে অটোচার্জার রাখার অভিযোগে প্রতিবেশী শাহীন শেখের ছেলে আপন শেখসহ বেশ কয়েকজন প্রতিবেশী জহিরুল ইসলাম খোকন, তার ছেলে শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকে। গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম খোকনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।























