যশোরে স্ট্যাম্পে চুক্তি করেও জমি না দিয়ে চড়া দাম দাবি, প্রতারণার শিকার সুমন
- Update Time : ১২:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৪০ Time View

নিজস্ব প্রতিবেদক, যশোর।
যশোর খোলাডাঙ্গার ভেকুটিয়া এলাকায় সৎ ভাইদের সাথে ৬ শতক জমি ক্রয়ের জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি ও নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেও প্রতারণার শিকার হয়েছেন সুমন নামের এক ব্যক্তি।
অভিযুক্ত নাজমুল বিশ্বাস ও রাকিব বিশ্বাস, যশোর অভয়নগর উপজেলার ভুগিলহাট গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর বক্তব্য ও নথিপত্র অনুযায়ী চুক্তিনামা অমান্য করে ওই জমির বর্তমান মালিক (সৎ ভাই) নাজমুল ও রাকিব চড়া দাম দাবি করছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সুমনের অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে পূর্ব নির্ধারিত নাজমুল বিশ্বাসের সম্পত্তি ০৩ শতক ও রাকিব বিশ্বাসের সম্পত্তি ০৩ শতক মোট ৬ শতক জমির দাম বাবদ তিনি উকিলের মাধ্যমে নোটারি চুক্তিপত্র করে নাজমুল ও রাকিবকে ০১ লক্ষ ৬০ হাজার টাকা বুঝিয়ে দেন।
অভিযোগ উঠেছে পরবর্তীতে রেজিস্ট্রি করে জমি বুঝিয়ে দেওয়ার চুক্তি স্ট্যাম্পে উল্লেখ থাকলেও, বর্তমানে জমির দাম বাড়ার অজুহাতে অভিযুক্তরা পূর্বের চুক্তিনামা অমান্য করছেন। এছাড়াও চড়া দাম দাবি করে সুমনকে জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছেন অভিযুক্ত নাজমুল ও রাকিব।
ভুক্তভোগী সুমন জানান, আমার সৎ ভাই’রা বিশেষ প্রয়োজনে জমি বিক্রয়ের কথা বলে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছে খবর শোনা মাত্রই নিজের পিতার সম্পত্তি ধরে রাখতে “আমি আইন মেনেই টাকা দিয়েছি এবং স্ট্যাম্প করেছি। এখন তারা (নাজমুল ও রাকিব) আমাকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। উল্টো দ্বিগুণ দাম দাবি করছে।”
সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল মনে করেন, জমি কেনাবেচায় নোটারি পাবলিকের মাধ্যমে স্ট্যাম্প করা হলেও, রেজিস্ট্রি না করায় এ ধরনের প্রতারণা বাড়ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভুক্তভোগীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাজমুল ও রাকিবকে অসংখ্যবার ফোন করা সত্ত্বেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী সুমন অভয়নগর থানা পুলিশের কাছে প্রাথমিক একটি অভিযোগ করেছেন, তিনি স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু বিচার ও জমির মালিকানা বুঝে পাওয়ার দাবি জানিয়েছেন।


















