শ্যামনগরে বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ: গ্রাম আদালতে মামলা
- Update Time : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২৩৮ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ক্লাব মোড় এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রাহকের প্রতিবন্ধী ভাতার ১০ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার এই জালিয়াতির বিচার চেয়ে স্থানীয় গ্রাম আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যোগিন্দ্রনগর গ্রামের মোছাঃ আয়নুর খাতুন তাঁর ছেলের স্কুলের টাকা তুলতে স্থানীয় যোগিন্দ্রনগরের আব্দুল আজিজ মোল্লার ছেলে বিকাশ ব্যবসায়ী সাইফুলের দোকানে যান। ওই সময় আয়নুর খাতুনের মোবাইলে থাকা তার প্রতিবন্ধী বোনের সরকারি ভাতার ১০ হাজার টাকা থাকে যা ভুক্তভোগী মেসেজ না পড়তে পারার কারনে বুঝতে পারেনি।
এ ব্যাপারে অভিযোগ রয়েছে, অতিরিক্ত ১০ হাজার টাকা থাকার বিষয়টি বুঝতে পেরে বিকাশ ব্যবসায়ী সাইফুল কৌশলে আয়নুর খাতুনের মোবাইল থেকে টাকাটি নিজের নিয়ন্ত্রণে নেন এবং মোবাইলে থাকা বিকাশ সংক্রান্ত সমস্ত মেসেজ মুছে দেন। এবং আয়নুর খাতুনকে দোকান থেকে বিদায় দেওয়া হয়।
পরবর্তীতে টাকা গায়েব হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন ও জানাজানি হলে ভুক্তভোগী পরিবার ওই বিকাশ নাম্বারের অফিসিয়াল ‘ট্রানজেকশন স্টেটমেন্ট’ (লেনদেন বিবরণী) সংগ্রহ করে। স্টেটমেন্টটি যাচাই করার পর দেখা যায়, উক্ত ১০ হাজার টাকা সাইফুলের দোকানে অবস্থান করা সময়ে লেনদেন বা স্থানান্তর করা হয়েছে। মেসেজ ডিলিট করলেও ডিজিটাল নথিতে টাকা আত্মসাতের বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
বিষয়টি নিয়ে অভিযুক্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলের সাথে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
এদিকে ঘটনাটি সামাজিক ও আইনিভাবে নিষ্পত্তির লক্ষ্যে ভুক্তভোগী পরিবার আটুলিয়া গ্রাম আদালতে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। গ্রাম আদালতের সালিশি বিচারের মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং দ্রুততম সময়ে যথাযথ আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোগান্তিতে পড়া দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারটি এখন তাদের হৃত অর্থ ফেরত পেতে এবং প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
গ্রাম আদালতের বিচারাধীন মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন, আমাদের অনুসন্ধানী ভিডিও প্রতিবেদনের দ্বিতীয় পর্বে।





















