শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০১:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৭৫ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রুখতে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
প্রশাসন সূত্রে জানা যায়, রাতে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালুু উত্তোলনের হাতেনাতে শেখ সাগর নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত শেখ সাগরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সাংবাদিকদের জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং নদীর ক্ষয়ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের কঠোর ও গঠনমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই নৈশকালীন অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙনের ঝুঁকিতে পড়ছিল। প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে নদী ও পরিবেশ রক্ষা পাবে।

























