যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
- Update Time : ০৯:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫৪ Time View

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর আব্দুল্লাহ (২৬) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। পরদিন (১১ অক্টোবর) তাঁর পিতা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৫০৫, তারিখ ১১/১০/২০২৫) করেন।
পরে শার্শা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ঝিকরগাছা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে।
এরপর মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের একটি পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে।
নিহতের পিতা ইউনুস আলী মোড়ল বলেন, “আমার ছেলেটা প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হয়েছিল। আমরা ভাবিনি কেউ তাকে এমন নৃশংসভাবে হত্যা করবে। লাশের চেহারাও চেনা যাচ্ছিল না। আমরা হত্যাকারীদের কঠোর শাস্তি চাই।”
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “নিখোঁজের পর থেকেই পুলিশ ও ডিবি যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
























