নওগাঁয় অভিযোগ দিতে গিয়ে থানা হাজতে বাবা-ছেলে
- Update Time : ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ২৮৬ Time View

নওগাঁ সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ জানাতে গিয়ে হাজতে যেতে হয়েছে বাবা ও ছেলেকে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—তিলেকপুর ইউনিয়নের মৃত ইসমাইল মন্ডলের ছেলে মো. খাজা উদ্দিন (৫৮) ও তার ছেলে মো. নাদিম হোসেন (২৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার নাজমা বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে মারামারি হলে খাজা উদ্দিন ও তার ছেলে বুধবার থানায় গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যান।
তবে থানায় পৌঁছানোর পরপরই পুলিশ তাদের আটক করে থানার হাজতে পাঠায়। পুলিশ জানায়, একই দিন সকালে নাজমা বেগম তাদের বিরুদ্ধে গুরুত্বর মারামারির একটি অভিযোগ দায়ের করেন, যা তাৎক্ষণিকভাবে একটি নিয়মিত মামলায় রূপান্তর করা হয়। পরে খাজা উদ্দিন ও তার ছেলে থানায় আসলে, তাদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম বলেন, “আমি পুরো বিষয়টি এখনও জানি না। তবে যিনি মামলাটির তদন্তে ছিলেন, তিনি আসামিদের থানায় পেয়ে আইনানুগভাবে আটক করেছেন। অভিযোগ তদন্ত করে, ভুক্তভোগীর বক্তব্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের পক্ষ থেকেও মামলা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, অভিযোগ জানাতে এসে থানায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিস্ময়কর এবং এতে সাধারণ মানুষ থানায় যেতে নিরুৎসাহিত হতে পারেন।

























