নওগাঁয় পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের ৭ তলা থেকে যুবকের লাশ উদ্ধার
- Update Time : ১০:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১৭৬ Time View

নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সাততলা ভবনের লিফট এর ফাঁকা জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা মছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ভবনের ভেতর বিকট শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। পরে ভবনের লিফটের ফাঁকা জায়গায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “গত বছরের ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাধারণত কেউ এখানে আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ভেতরে গিয়ে দেখি এক ব্যক্তি নিচে পড়ে আছেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেলোয়ার ভবনের লিফটের তার বা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়ে ওপর থেকে পড়ে গেছেন। সাততলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান ওসি।
























