ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার
- Update Time : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ২৮ Time View

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোররাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির শাহীন (পিতা: মোঃ নুরুল হক) জানান, এর আগেও তার ট্রান্সফরমার দুইবার চুরি হয়েছে। সর্বশেষ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি রাস্তার পাশে স্থাপিত ট্রান্সফরমারের কাছে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের হাতে রড, করাত ও কাটার মেশিন ছিল। তিনি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে এলোপাতাড়ি ঘুষি মেরে পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গ্রামজুড়ে খোঁজ শুরু হলে কাশিপুর বাজারের নাইট গার্ডরা দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন— মোহাম্মদ রকিবুল ইসলাম (৪৫), পিতা আব্দুর রহিম মোল্লা, গ্রাম: রাজারহাট সীতারামপুর, যশোর এবং মোহাম্মদ মাসুম (২৮), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম: মহেশ্বরপুর, দিঘলিয়া, খুলনা।
আটককৃতদের কাছ থেকে “এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড” নামে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন,
“আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির বলেন,
“এ ধরনের ট্রান্সফরমার চুরি বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা না গেলে এলাকায় ট্রান্সফরমার চুরি আরও বেড়ে যেতে পারে।






















