ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের ৪জনসহ নিহত-৫ আহত-২
- Update Time : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৩৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোশালনগর গ্রামের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২জুন) ভোর আনুমানিক ৪টার দিকে ভাঙ্গা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে পেছন থেকে প্রাইভেটকারের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা খোশাল নগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে আরিফ হোসেন (২৮) ছোট ছেলে রাকিব হোসেন (২০) মেয়ে আয়েশা খাতুন (৩৫) স্ত্রী নুরজাহান বেগম (৫০) এবং যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডের চালক জাহিদ হোসেন (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১১বছর প্রবাস জীবন শেষে আরিফ হোসেন দেশে ফিরছিলেন। তাকে ঢাকায় বিমানবন্দর থেকে আনতে পরিবারের সদস্যরা একটি প্রাইভেটকারে করে ঢাকায় গিয়েছিলেন। আরিফকে নিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে তাদের বহনকারী গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত চালক জাহিদ হোসেন যশোরের মণিরামপুর উপজেলার ১১নম্বর চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি স্থানীয় রাজগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডের একজন পরিচিত গাড়ী চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে তিনি যাত্রী নিয়ে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে দুই শিশু—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়।
জানা গেছে, নিহত জাহিদ হোসেন বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে গৌরীপুর গ্রাম ও রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইভাবে, একসঙ্গে পরিবারের চার সদস্যের প্রাণহানিতে ঝিকরগাছার বাঁকড়া খোশালনগর গ্রামে নেমে এসেছে স্বজন হারানো শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
নিহতদের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। এলাকাবাসী এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।















