ঝুঁকির মুখে নওয়াবেকি মেইন সড়ক ও বাসস্ট্যান্ড, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
- Update Time : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৯৫ Time View

সাতক্ষীরা শ্যামনগরে খোলপেটুয়া নদীর বালু ব্যবসায়ীদের ভারী যানবাহন চলাচলের কারণে চরম ঝুঁকিতে পড়েছে নওয়াবেকি মেইন সড়ক। প্রতিনিয়ত বড় চাকার ড্রাম ট্রাক ও ভারী গাড়ি চলাচলের ফলে যেকোনো সময় রাস্তাটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে গত রাতে চুনুর ব্রিজ এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে একটি বড় চাকার বালুবাহী ট্রাক চুনুর ব্রিজ নামক স্থানে পৌঁছালে হঠাৎ সেটির স্টিয়ারিং লক হয়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত চালক ও হেলপারের বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাকচালক জানান, আচমকা স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি একটি বড় সতর্কবার্তা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই বালুবাহী এসব ভারী যান বেপরোয়া চলাচলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
এদিকে, এই বালু ব্যবসায়ীদের ভারী গাড়ির বেপরোয়া চলাচলে নওয়াবেকি বাসস্ট্যান্ড ও ইউনিয়ন পরিষদ গেটের সামনের সড়কের অবস্থা এখন অত্যন্ত করুণ। ব্যস্ততম এই সড়কের এমন বেহাল দশা হলেও তা মেরামতে কোনো উদ্যোগ নেই। স্থানীয়দের অভিযোগ, জনদুর্ভোগের এই চিত্র দেখার যেন কেউ নেই। না দেখছেন বালু ব্যবসায়ীরা, না দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ গেটের সামনের গর্তগুলোতে সামান্য এক গাড়ি বালু বা খোয়া ফেললেই এই ব্যস্ততম সড়কে জনদুর্ভোগ অনেকটাই কমে যায়। কিন্তু ব্যবসায়ী বা জনপ্রতিনিধি—কোনো পক্ষই সাধারণ মানুষের এই কষ্ট লাঘবে এগিয়ে আসছে না।
অবিলম্বে সড়কটি সংস্কার এবং খোলপেটুয়া নদীর বালু পরিবহনে নিয়োজিত ভারী যানবাহনগুলোর ওপর প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



















