শ্যামনগরে খোলপেটুয়া নদী রক্ষায় প্রশাসনের কঠোর অ্যাকশন: বালু উত্তোলনের দায়ে দুই অপরাধী আটক
- Update Time : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫১ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল ১১ জুলাই ২০২৬ (শনিবার) দুপুরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু চক্র খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নীলডুমুর বিজিবি টিম এবং বুড়িগোয়ালিনী নৌ পুলিশ টিমের যৌথ সহায়তায় বালু উত্তোলন করা অবস্থায় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আবহাওয়া বৈরী থাকায় আটককৃতদের দ্রুত বুড়িগোয়ালিনী নৌ থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার ক্রমিক ০৫ অনুযায়ী আসামিদের ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে মুচলেকা নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।



















