রাসূল (সা.) ছিলেন সাংবাদিক” ব্যাখ্যা দিলেন মুফতি আমির হামজা
- Update Time : ১০:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ২৭৯ Time View

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা বলেছেন, নবী শব্দের শাব্দিক অর্থ হলো “সংবাদবাহক”। যেহেতু সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের, তাই মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে সংবাদদাহক তথা সাংবাদিক হিসেবেও বিবেচনা করা যায়।
বুধবার (৮ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, “হে নবী! ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান, সেই কষ্টের প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।” মুফতি হামজা আরও বলেন, এটি শুধু নবীর (সা.) জন্য নয়, বরং যারা সততার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন, তারাও আল্লাহর পুরস্কার পাবেন।
তিনি বলেন, “আল্লাহ নবীকে সংবাদদাহক হিসেবে পাঠিয়েছেন যাতে পৃথিবীর সব সত্য সংবাদ মানুষের কাছে পৌঁছায়। তাই সাংবাদিকতার মতো মহান দায়িত্বের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা আল্লাহর নিকট বিশেষ পুরস্কারের অধিকারী হবেন।”
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন। কুষ্টিয়ার চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এছাড়া কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপনসহ স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন। তারা আসন্ন নির্বাচন ও পরবর্তী করণীয় বিষয়ে মতামত বিনিময় করেন।

























